মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্র আঘাতে করেছে ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পিওদো গ্রামে।উক্ত হামলায় দুজন নিহত হয়েছে বলে দাবি করেছে পোল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পোল্যান্ডসহ ন্যাটোসদস্য দেশগুলোতে।
সীমান্তে বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে দেশটির ভূখণ্ডে ‘রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র’ এসে পড়ে। এতে সীমান্তবর্তী একটি গ্রামে দুজন নিহত হন।‘
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, পিওদো গ্রামে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টির পর সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতেউসুজ মোরাউইচকি।
মঙ্গলবার দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা করে। ওই হামলার সময়ই রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনে এ বিস্ফোরণের ঘটায় বলে দাবি পোল্যান্ডের।
রাশিয়া এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।তবে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাস জাসিনা বলেছেন, ‘এ ঘটনায় ‘অনতিবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা’ দিতে পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।‘
বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। কথা বলতে গিয়ে ন্যাটোপ্রধান বলেন, ‘নিহতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। সব তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হওয়াটা গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। আর তাই এই হামলার পরপরই এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো ।
অন্যদিকে জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আজ জরুরি বৈঠক ডেকেছে শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কে নিয়ে গঠিত এই জোট।
এখানে একটি বিষয় উল্লেখ্য যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের বাহিনীই রাশিয়ার তৈরি অস্ত্র ব্যবহার করে আসছে।তাই ঠিক কোন দেশের ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে তাও খতিয়ে দেখার বিষয়।






Users Today : 7
Users Last 30 days : 1371
Total Users : 23376
Total views : 35900
Who's Online : 0