কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমাটিনে বখাটের ছুরিকাঘাতে আহত হয়েছে এক স্কুলছাত্রী। নেপথ্যর কারন হিসেবে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াকে’ বলে ধারনা করা হচ্ছে। স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা ওই বখাটের নাম শহিদুল্লাহ খান প্রকাশ জুয়েল (১৯),সে ওই এলাকার সাবেক চেয়ারম্যান মৌলভী ফিরোজ আহমদ খানের ছেলে। আর ছুরিকাঘাতপ্রাপ্ত আহত মেয়েটি সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে জুয়েল ওই স্কুলছাত্রীর পথরোধ করে শরীরে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতপ্রাপ্ত ওই ছাত্রীকে সাথে সাথে সহপাঠী ও স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আহত ছাত্রীর বাবা বলেন প্রতিদিনের মতো আজও স্কুলে যায় আমার মেয়ে। স্কুল থেকে ফেরার পথে জুয়েল আমার মেয়ের পথরোধ করে দাড়ায় আর কোন কিছু বুঝে উঠার আগেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সে বহুদিন থেকে আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করত।সে তাকে বার বার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু আমার মেয়ে বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছিল।এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগও দেয়া হয়েছিল এবং মীমাংসাও করা হয়েছিল।তারই জের ধরে স্কুল থেকে ফেরার পথে প্রাণে মেরে ফেলার জন্য ছুরিকাঘাত করা হয়েছে আমার মেয়েকে। আমি এ ঘটনার জন্য আমার মেয়ের জীবনের নিরাপত্তা এবং অই বখাটে ছেলের কঠিন শাস্তি চাই।
সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল সরকার জানান, স্কুলের সামনে এক বখাটে ছেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অই ছাত্রীর চিৎকার শুনে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।আমি এ ন্যক্কারজনক ঘটনায় কঠোর শাস্তির দাবি করছি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার এ্যানি জানান, ‘দুপুরে আহত এক স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়। তার হাতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।‘
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, ’সেন্টমার্টিনে এক বখাটে ছেলে ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী আহত করে পালিয়ে যায়।এ ঘটনায় জড়িত আসামিকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।‘





Users Today : 40
Users Last 30 days : 856
Total Users : 20217
Total views : 32467
Who's Online : 0