‘মরিচ ক্ষেতে পাওয়া গেল সোনার ফসল’…এমনই একটি অভাবনীয় ঘটনা ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত এলাকায়। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সীমান্ত এলাকার একটি মরিচক্ষেতে পুঁতে রাখা ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করে গত শনিবার। বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনা পাচারকারীরা এগুলো ফেলে যায় বলে ধারনা করা হচ্ছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে যশোরের চৌগাছা উপজেলার শার্শা কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশ থেকে অভিযান চালিয়ে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চৌগাছা উপজেলার শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এমন একটা গোপন সংবাদ বিজিবির কাছে আসে। সেই সংবাদের ভিত্তিতে বিজিব কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নেয়। অবস্থানকালে তারা দুই ব্যক্তিকে মরিচক্ষেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়।
এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি তাদের থামতে বলে কিন্তু তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে ভারতের দিকে পালিয়ে যান। পরে তাদের অবস্থানরত জায়গায় অভিযান চালিয়ে মরিচক্ষেতে পুঁতে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই ব্যাগ থেকে ৮০টি সোনার বার পাওয়া যায়। যার নেট ওজন ৯ কজি ২৮০ গ্রাম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়,উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। এই উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় সংশ্লিষ্ট দুজনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করা হয়েছে, যদিও তাদের নাম পরিচয় জানানো হয়নি। মামলার পরপরই পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরাও সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করেছে।





Users Today : 40
Users Last 30 days : 856
Total Users : 20217
Total views : 32467
Who's Online : 0