আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বিরুদ্ধে মেক্সিকোর জার্সি ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজের করা আপমুলমূলক টুইটের পর বিতর্কে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। বিতর্ক যেন থামছেইনা, টুইটের পর টুইটে বিতর্ক আরও দীর্ঘতর হয়ে চলেছে। চলমান সেই বিতর্কে আগুয়েরোর পর এবার মেসির পক্ষে দাঁড়ালেন ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলো।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র হতে জানা যায়,গত ২৬ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লুসাইলে ২-০ গোলের স্বস্তির জয় পায় টিম আর্জেন্টিনা। মেক্সিকোর সাথে হওয়া সেই ম্যাচে মেসিদের জয়ের কোন বিকল্প ছিল না বিশ্বকাপে টিকে থাকতে হলে।তাই স্বভাবতই এমন একটি কাঙ্খিত জয়ের পর ড্রেসিং রুমে আনন্দ উদযাপনে মাতে আর্জেন্টিনার খেলোয়াড়রা।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মেসিদের সেই ড্রেসিংরুমে জয় উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে দেখা যায় সবাই যখন আনন্দ উদযাপন করছিল মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সিকে পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন এই আর্জেন্টাইন তারকা। ভিডিওটি দেখে প্রতিপক্ষ দলের জাতীয় পতাকাকে অসম্মান করার মতো কিছু মনে হয়নি। কিন্তু মেসির এ কাজের পরপরই তাঁর বিরুদ্ধে মেক্সিকোর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনেন আল্ভারেজ।
আলভারেজ পরপর কয়েকটি টুইটে মেসির সমালোচনা করেন। একটি টুইটে বলেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?’
এরপর আরেকটি টুইটে লিখেছেন, ‘আমার সামনে যেন তাকে (মেসি) পড়তে না হয়, সে জন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’ এ ছাড়াও ছাপার অযোগ্য ভাষাতেও বেশ কিছু টুইট করেন বর্তমান মুষ্টিযোদ্ধাদের অন্যতম ক্যানেলো আলভারেজ।
তবে আলভারেজ এ অভিযোগ তোলার পর মেসির পক্ষে দাঁড়িয়ে জবাব দিয়েছেন মেসির সাবেক সতীর্থ আর্জেন্টিনার স্ট্রাইকার সারজিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘নিশ্চিত করেই আপনি ফুটবল খেলা বোঝেন না, ড্রেসিংরুমের সংস্কৃতিটা বোঝেন না। সেখানে কী হয়, সে সম্পর্কে কোনো ধারণা নেই আপনার।’ আগুয়েরো বলেন বুট খুলতে গিয়ে হয়তো মেসির পা দুর্ঘটনাবশত সেখানে লেগে যায়।’
কিন্তু আলভারেজ এতেও দমে যাননি।আগুয়েরোর টুইট রিটুইট করে পাল্টা জবাব দেন ছাপার অযোগ্য ভাষায়।
আলভারেজের এই বাড়াবাড়ি দেখে এবার মুখ খোলেন ব্রাজিলের হয়ে ২০১০ বিশ্বকাপে খেলা সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলো।বেশ কড়া ভাবেই আল্ভারেজকে উত্তর দিলেন তিনি।
৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘বক্সিং পছন্দ করায় ক্যানেলোকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে ফুটবলের কিছু বোঝে না, তাই চুপ থাকা উচিত। সম্মান দেওয়ায় মেসির চেয়ে ভালো কেউ নেই, কোনো দলেই নেই। তার বিপক্ষে অনেকবারই খেলেছি, প্রতিবারই তার কাছ থেকে সম্মান পেয়েছি। যে লোক মুখ খুলে আজেবাজে কথা বলে, তার (মেসি) সেসব কথার উত্তর দেওয়ার দরকার নেই।’






Users Today : 7
Users Last 30 days : 1371
Total Users : 23376
Total views : 35900
Who's Online : 0