
দেখতে দেখতে ৪৮ ঘণ্টা পার। কিন্তু এখনও তাঁকে অকালে হারানোর দগদগে স্মৃতি কলকাতার মনে। কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র এমন আকস্মিক মৃত্যুর ধাক্কা ভোলা সঙ্গীতপাড়ার জন্য কঠিন! মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন বলিউড গায়ক। হাসপাতালে যেতে যেতেই সব শেষ। গায়কের মৃত্যুতে শোকে পাথর পরিবার। ইনস্টাগ্রামে মেয়ে তামারার আবেগঘন পোস্টে এই প্রথম বেরিয়ে এল পরিবারের প্রতিক্রিয়া। মেয়ের পোস্টে বাবার সেই পরিচিত হাসিমুখ। সঙ্গে লেখা, ‘হম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। তোমায় খুব ভালবাসি বাবা।’ যে লেখা পড়ে চোখের জলে ভেসেছেন অনুরাগীরাও। বাবা-মেয়ের সম্পর্ক যে বড্ড আদরের, ভালবাসার। সদ্য পিতৃহারা কন্যাকে তাই ভালবাসায় ভরিয়ে দিতে চেয়েছে নেটপাড়া।
বাবার মতো মেয়ে তামারাও যে সঙ্গীতপ্রেমী, ইনস্টাগ্রামই তার প্রমাণ। নিজেও গায়িকা। তামারার প্রোফাইল শুধুই স্টুডিওর ছবি আর গান সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে ভরা। এমন অসময়ে কেকে-র চলে যাওয়ার শোক ঘিরে রেখেছে বলিউডকেও। বহু বছরের বন্ধুকে হারিয়ে যেন একলা হয়ে গিয়েছেন শান, প্রীতম, জিৎ গঙ্গোপাধ্যায়রা। অনুজের অকালমৃত্যুর শোকে ভাষাহারা কুমার শানুও।





Users Today : 3
Users Last 30 days : 1367
Total Users : 23301
Total views : 35793
Who's Online : 0