আসন্ন ‘হাড্ডি’ সিনেমাটি নিয়ে ভক্ত-শুভাকাঙ্খিদের একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সিনেমাটির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।যা দেখে ভক্ত অনুরাগীরাও প্রসংসার বন্যায় ভাসাচ্ছেন এই অভিনেতাকে।
প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিও তাদের আসন্ন চলচ্চিত্র ‘হাড্ডি’ থেকে নওয়াজের একটি নতুন লুক প্রকাশ করেছে। যা নিয়ে মুহূর্তেই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। উল্লেখ্য হাড্ডি সিনেমাটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন, আর ঠিক এমনই লুকের একটি ছবি প্রকাশ করা হয় এই অভিনেতার। যার পরপরই ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভক্তরা এমনই একটি ভিন্ন চরিত্রে প্রিয় অভিনেতাকে দেখার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন।
নওয়াজউদ্দিন সিদ্দিকি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে তাঁর চরিত্রটি নিখুঁত ও ভালোভাবে করার জন্য প্রস্তুতি হিসেবে তিনি ট্রান্সজেন্ডার লোকদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।তিনি তাদের মধ্যে ২০-২৫ জনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করছেন।হাড্ডির শুটিংয়ের সময় তিনি তাদের জীবনযাত্রা অনেক কাছ থেকে দেখেন এবং তাদের সম্পর্কে অনেক কিছু শিখেছেন।
উল্লেখ্য এর আগে যখন এই অভিনেতার হাড্ডির ফার্স্ট লুক ছবি প্রকাশিত হয়েছিল তখনই বেশ হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। কেউই তাকে চিনতে পারেনি প্রথমে। তখন অনেকেই নওয়াজউদ্দিনকে অভিনেত্রী অর্চনা পুরান সিংয়ের সঙ্গে এক করে ফেলেছিল। দেখতে অনেকটা অর্চনার মতো লাগায় ভক্ত-অনুরাগীরা বেশ চমকে যান! সেবারও তার এই লুক নেটিজনরা বেশ ভালোভাবে নিয়েছিল,ভাললাগা ও শুভকামনা জানিয়েছিল তার অভিনীত চরিত্রটির জন্য। এবারো হাড্ডি থেকে নওয়াজউদ্দিনের নতুন লুক প্রকাশের পরেই ভক্তরা তেমনই উচ্ছাসভরা প্রতিক্রিয়া জানিয়েছে তার আসন্ন সিনেমাটি নিয়ে।
হাড্ডিতে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে নওয়াজউদ্দিন ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ কে বলেন, ‘আমি হাড্ডিতে অনেক তৃতীয় লিঙ্গের লোকের সঙ্গে কাজ করেছি। আমি তাদের মধ্যে ২০-২৫ জনের সঙ্গে একটি ভিন্ন পরিবেশে ছিলাম। তাদের পৃথিবীকে দেখার উপায় সম্পূর্ণ ভিন্ন, যা সত্যিই আকর্ষণীয় ছিল। আমি তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু শিখেছি।‘
গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নওয়াজউদ্দিন আরো বলেন, ‘আমি চাই না আমার চরিত্রটি ব্যঙ্গাত্মক হোক। আমি শুধু আমার চরিত্রে অভিনয় করে কাজ শেষ করতে চাইনি। আমি চরিত্রটিকে আমার হৃদয়ে অনুভব করতে চেয়েছি। আর এ কারণেই আমি তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শেষ পর্যন্ত কতটা সফল হয়েছি তা দেখার জন্য উন্মুখ হয়ে আছি আমি। সিনেমাটি মুক্তি পেলেই বোঝা যাবে আমি কতটা দিতে পেরেছি। ’
‘হাড্ডি’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা।পরিচালক অক্ষত এবং অদম্য ভাল্লার সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন। প্রযোজনা সংস্থা জি স্টুডিও ব্যানারে আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সর্বশেষ টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপান্তি ২’তে দেখা গিয়েছিল ৪৮ বছরের এই অভিনেতাকে। হাড্ডি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’।যেখানে তার সঙ্গে রয়েছেন কঙ্গনা রানাওয়াত।






Users Today : 7
Users Last 30 days : 642
Total Users : 17608
Total views : 29489
Who's Online : 0