মেটার প্রধান নির্বাহী পদ থেকে কি পদত্যাগ করছেন জাকারবার্গ?

২২ নভেম্বর সংবাদ ওয়েবসাইট দ্য লিকের এক প্রতিবেদনের সুত্র ধরে হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে। ওয়েবসাইটটির প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালে জাকারবার্গ মেটা থেকে পদত্যাগ করবেন। মেটার অভ্যন্তরীণ এক সূত্রের বরাতে এমন দাবি করে তারা । যদিও ওই অভ্যন্তরীণ সূত্রের ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি ওয়েবসাইটটি।

ওয়েবসাইটটির এমন প্রতিবেদন প্রকাশের এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, আগামী বছর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে মার্ক জাকারবার্গের সরে দাঁড়ানোর খবরটি একেবারেই ভুয়া।এমন কোন কিছুই ঘটেনি । মঙ্গলবার একটি সংবাদ ওয়েবসাইটে জাকারবার্গকে নিয়ে এ ধরনের একটি খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে স্টোন এ কথা বলেন।

দ্য লিকের এই প্রতিবেদন প্রকাশের পর কিছুক্ষণের জন্য কোম্পানিটির শেয়ারের দামও বেড়ে গিয়েছিল।

একসময় মেটার মূল্যমান ছিল এক লাখ কোটি ডলার। বর্তমানে এর মূল্য কমে ২৫ হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। শুধু চলতি বছরেরই কোম্পানিটির মূল্য ৭০ শতাংশ কমেছে।

উল্লেখ্য নভেম্বর মাসের শুরুর দিকে মেটা ঘোষণা করেছিল অর্থনৈতিক মন্দা মোকাবেলায় তারা ১১ হাজারের বেশি কর্মী অর্থাৎ প্রায় ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। কোম্পানির ১৮ বছরের ইতিহাসে এটি প্রথম ছাঁটাইয়ের ঘটনা। মেটা ছাড়াও চলতি বছর টুইটার, মাইক্রোসফট এবং স্ন্যাপের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও হাজারো কর্মী ছাঁটাই করেছে।