অবশেষে দেশে প্রশাসনিক বিভাগ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে নদীর নামে নামাঙ্কিত পদ্মা ও মেঘনা বিভাগ।প্রধানমন্ত্রীর দেয়া দুই নদীর নামেই থাকছে দুটি প্রশাসনিক বিভাগের নাম। বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলাকে নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ বিভাগ।
আগামী রবিবার প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি অনুমোদন হতে পারে বলে আসা করা যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (নিকার অধিশাখা) মোহাম্মদ কায়কোবাদ খন্দকার সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন আগামী রবিবার নিকার বৈঠকে নতুন দুটি বিভাগ, পৌরসভা ও থানা গঠন এবং সম্প্রসারণের প্রস্তাব উপস্থাপন করা হবে। তবে অনুমোদন হবে কি না, এটা বৈঠকের পরে জানা যাবে।
পদ্মা বিভাগের পাঁচ জেলার মধ্যে রয়েছে ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর। অন্যদিকে মেঘনা বিভাগের ছয় জেলার মধ্যে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ নিয়ে বর্তমানে দেশে প্রশাসনিক বিভাগ ৮টি। নিকার সভায় অনুমোদন পেলে পদ্মা ও মেঘনা নিয়ে বিভাগের সংখ্যা বেড়ে হবে ১০টি।
উল্লেখ্য গত বছরই ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও আশেপাশের পাঁচ জেলা এবং ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর ও পাশের চার জেলা নিয়ে বিভাগ হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।গত বছরের ২১ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভাগের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। দুটি নদীর নামে দুটি বিভাগ বানাব। একটা পদ্মা, অন্যটা মেঘনা।‘
এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানান, কুমিল্লা নামে বিভাগ দেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী এর বিরোধিতা করে বলেন,’ ‘কু’ নাম দেব না। কুমিল্লা নামের সঙ্গে মোশতাকের নাম জড়িত।‘




Users Today : 48
Users Last 30 days : 864
Total Users : 20225
Total views : 32475
Who's Online : 0