২০২২ শে কাতারে বসা এবারের বিশ্বকাপ আসরটি ইতিমধ্যে অঘটনের বিশ্বকাপ হিসেবে খ্যাতি পেয়েছে। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার পর বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরে মেসি-মার্টিনেজরা এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়। এই হারের ফলে বিশ্বকাপটাই অনিশ্চিত হয়ে যায় আসরের অন্যতম ফেভারেট এই দলটির।
হারের দুঃস্বপ্ন শেষে সামর্থ্যের সেরাটুকু নিয়ে আজ আবার মাঠে নামবে মেসিবাহিনী। শনিবার (২৬ নভেম্বর) বাঁচা মরার এ লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।বিশ্বকাপের শেষ ১৬ তে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেসি-গোমেজদের।
সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে।যেহেতু জয় ছাড়া আজ আর কোন বিকল্প নেই তাই আর্জেন্টিনার একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন।
অন্তত আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এর কাছ থেকে এমনটাই খবর পাওয়া গেছে। তারা বলছে, ম্যাচের দিনদুয়েক আগে থেকে কাতারে লোক চক্ষুর আড়ালে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।
ধারণা করা হচ্ছে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।আর্জেন্টিনা দল নিশ্চিত করেছে দলের রাইট ব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে । এ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে সাইডবেঞ্চে রেখে একাদশে রাখা হবে গুইডো রদ্রিগেজকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় বদলি হিসেবে দেখা যাবে এঞ্জো ফার্নিন্দেজকে।
তবে মেক্সিকোর বিপক্ষে খুব বেশি পরিবর্তন করতে চান না কোচ স্ক্যালোনি। বিশ্বকাপের মতো আসরে একটি হারের পর অনেক বেশি পরিবর্তন নিয়ে মাঠে নামলে খেলার ছন্দে ব্যাঘাত ঘটতে পারে এমনটাই মনে করেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কাস অ্যাকুনা/নিকলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, এঞ্জো ফার্নিন্দেজ/ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।
এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার লাতিন আমেরিকার এই দেশটি। শুরুতে সৌদি আরবের কাছে হোঁচট খেলেও শিরোপা জয়ের সপ্নকে বাঁচিয়ে রাখতে নিজেদের সেরাটুকু নিইয়ে আজ মাঠে লড়বে এমন টাই আশা ভক্ত শুভানুধ্যায়ীদের।
