আসন্ন বিজয় দিবস,বড়দিনসহ গুরুত্বপূর্ণ কিছু অনুষ্ঠান উপলক্ষে দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক ও নিরাপদ রাখতে এবং অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বৃহস্পতিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। রাষ্ট্রীয় ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানগুলো নিরাপদে ও নির্বিঘ্নে পালন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছ বলে পুলিশ সুত্রে জানা যায়।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো.হাসানুজ্জামানের স্বাক্ষর করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা, মহান বিজয় দিবস, খ্রিষ্টানদের বড়দিন ও ইংরেজি বর্ষবরণ (থার্টি ফার্স্ট নাইট) উদ্যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।‘
পুলিশ সদর দপ্তরের চিঠি হাতে পাওয়ার কথা জানিয়ে ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে প্রতি মাসে সাত দিন নিয়মিত বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেয়। ডিসেম্বর বিজয় দিবসসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হেতু এই মাসে ১৫ দিন বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
