সিলেটের হবিগঞ্জে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।উক্ত ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।
৬ ডিসেম্বর মঙ্গলবার ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মর্তুজা।
স্থানীয় লোকজন ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, পুলিশ সদস্য রুবেল মিয়াসহ কয়েকজন হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খানের টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তাদের একজন সোমবার ছুটিতে বাড়ি যান।বাকি চার জন রাতে সেখানে ঘুমিয়ে ছিলেন।ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর থেকে আগুনে দগ্ধ কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত অপর তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃকুমিল্লায় ট্রেন-অটোরিকশার সংঘর্ষ,নিহত ৩ জন।
নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া (২৫) হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার কনস্টেবল নং ৫৭৯।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকারিয়া হায়দার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এ সময় একজনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয় এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।পুলিশের পক্ষ থেকে তদন্ত করে আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে।
