দুবাইয়ে তিন বাংলাদেশি তরুনের মৃত্যু

মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাতে(দুবাই) নিজ বাসা থেকে তিন প্রবাসী তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার পুলিশ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে।মৃত তিন তরুন হলেন-গিয়াস উদ্দিন,আমিরুল ইসলাম কাইয়ুম এবং মোহাম্মদ রাকিব।

উদ্ধার করা মৃত তিন তরুনের বাড়ি চট্টগ্রামে।তাদের মধ্যে গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর এলাকায় এবং আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব পটিয়ার বাহুবলি এলাকার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা যায়,মৃত তিন তরুন বাংলাদেশি মালিকানাধীন একটি মুদি দোকানে কাজ করতেন। দোকানের মালিক গত বৃহস্পতিবার কর্মচারীদের ডাকতে গেলে তাদের সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পান।পরে তিনি পুলিশকে ফোন দিয়ে জানালে পুলিশ মৃত ওই তিন যুবকের মরদেহগুলো উদ্ধার করে।

আরও পড়ুন:হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মৃত্যুর কারন সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রুমে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোয় সেখান থেকে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মারা যান তারা।

তিন তরুনের মৃত্যুর বিষয়টি নিয়ে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তিন তরুনের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আশা করা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে পুলিশ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে আর তাতেই বিস্তারিত ভাবে সব কিছু জানা যাবে।“