ঘোষণা করা হল আওয়ামী যুব মহিলা লীগের নতুন কমিটি

ঘোষণা করা হল আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নতুন কমিটি। তৃতীয় জাতীয় সম্মেলনে যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি।

আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত যুব মহিলা লীগের সমাবেশে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন, আর শারমিন সুলতানা লিলি ছিলেন সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চে সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান। গত ১৮ বছর ধরে এ দুজনই ছিলেন যুব মহিলা লীগের নেতৃত্বে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করছেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল।