মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ের ৫১ পূর্তিতে আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দিবেন তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে প্রধানমন্ত্রীর এই ভাষণ।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস (রানা)গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে আজ ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।“
আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।বিজয়ের ৫১ বছর পূর্তির দিন কাল।গভির শ্রদ্ধা ও সম্মানের সাথে জাতি এই দিন স্মরন করবে তার শ্রেষ্ট সন্তানদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে -৫২-র ভাষা আন্দোলন, ‘৬৬-র ছয় দফা, ‘৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭১-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ গণহত্যা শুরু হলে ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কার্যক্রম। ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে তাঁর উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া সকাল সাড়ে ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।







Users Today : 21
Users Last 30 days : 664
Total Users : 17654
Total views : 29541
Who's Online : 0