গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছে বিএনপির সমর্থিত ৬ এমপি।সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো এখন শূন্য হয়ে আছে।ইতিমধ্যে আসনগুলো শূন্য ঘোষণা করে গেজেটও প্রকাশ করেছে সংসদ সচিবালয়।সেই শূন্য আসনগুলোতে উপনির্বাচনের জন্য আগামী রবিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শূন্য আসনে নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসি মোঃ আলমগীর বলেন, “রবিবারে নির্বাচন কমিশনের সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।“
এ বিষয়ে তিনি আরও বলেন, “উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করছে না নির্বাচন কমিশন।“
উল্লেখ্য গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির ৭ এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হয় স্পিকারের কাছে।পরে ৭ জনের মধ্যে ৬ জনের পদত্যাগপত্র গ্রহণ করে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
বিএনপির ৭ সংসদ সদস্যর মধ্যে পদত্যাগপত্র জমা দেয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন মোট পাঁচ জন।তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
তবে বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং শারীরিক অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না।তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।জমা দেয়া ৭ জনের পদত্যাগের অবেদনের মধ্যে ৬ জনের টা গ্রহন করা হয়। তবে ই-মেইলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদের আবেদন গ্রহণ করা হয়নি। তাকে পরে এসে জমা দিতে বলা হয়েছে।
