পদত্যাগপত্র জমা দিলেন একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ এমপি।তার পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির সকল সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো আজ।
আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদ সচিবালয়ে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ থেকে সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।
উল্লেখ্য গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশ থেকে বিএনপির ৭ এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।এর পরদিন ১১ ডিসেম্বর বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হয় স্পিকারের কাছে।পরে ৭ জনের মধ্যে ৬ জনের পদত্যাগপত্র গ্রহণ করে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।এরই মধ্যে এসব আসনে উপনির্বাচনের তপশিলও ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ রবিবার শূন্য ৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে
বিএনপির ৭ সংসদ সদস্যর মধ্যে পদত্যাগপত্র জমা দেয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন মোট পাঁচ জন।তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।তবে বিদেশে অবস্থান করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ এবং শারীরিক অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না।তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে জমা দেয়া ৭ জনের পদত্যাগের অবেদনের মধ্যে ৬ জনেরটা গ্রহন করা হয়।
হারুনুর রশীদের পদত্যাগপত্রের স্বাক্ষর স্ক্যান করে বসানো থাকায় তার পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন স্পিকার।তাকে পরে এসে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়।
এরই পরিপ্রেক্ষিত এমপি হারুন আজ সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে গত ২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে হারুনুর রশীদ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরেন।
আরও পড়ুনঃ রাজধানীতে মাদকসহ ৪২ জন আটক
পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংসদভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুনুর রশীদ।তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই সংসদকে অবিলম্বে বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।“
উল্লেখ্য বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে উপনির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনে এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
