বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
গতকাল ২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর-ধারঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
ভটভটির ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী ৩২ বছর বয়স্ক ঐ যুবকের নাম ইয়াহিয়া শেখ।নিহত ইয়াহিয়া ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের বাসিন্দা।তার পিতার নাম ফজর আলী।এ দূর্ঘটনায় একই গ্রামের মোটরসাইকেল চালক জিয়াউর রহমান জিয়া (২৮) আহত হয়েছেন।
আজ ২৬ ডিসেম্বর সোমবার সকালে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বালা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ গ্রাহকদের জন্য ই-সিম সেবা নিয়ে এলো বাংলালিংক
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন,”নিহত ইয়াহিয়া গতকাল রবিবার সন্ধ্যার দিকে একই গ্রামের জিয়াউর রহমান জিয়ার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়।পথিমধ্যে পিরহাটি তালতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে পড়ে। এতে মোটরসাইকেল চালক জিয়া ও আরোহী ইয়াহিয়া গুরুতর আহত হয়।“
তিনি আরও বলেন,” দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে ইয়াহিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া নেওয়ার পথে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় ইয়াহিয়ার মৃত্যু হয়।“
আইনী প্রক্রিয়া শেষে পুলিশের পক্ষ থেকে ইয়াহিয়ার মৃতদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।
