আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় বসতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।সাধারনত একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আজ ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।
উল্লেখ্য গত ২০২২ সালের ৬ নভেম্বর একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়েছিল।
২০২৩ সালের প্রথম অধিবেশন হওয়ায় আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথমদিন ভাষণ দেবেন।এরপরে তার এই ভাষণের ওপর সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে যাতে অংশ নিবেন জাতীয় সংসদের সদস্যরা।সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।
বিকেলে অধিবেশন শুরু হবার আগে জাতীয় সংসদের স্পিকারের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদ সচিবালয়ে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদের এই ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপন করা হতে পারে। এ বিলগুলোর মধ্যে থেকে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে।এছাড়াও গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে পাস হওয়ার অপেক্ষায়। এর মধ্যে নতুন আরও ৭টি বিল জমা পড়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের আইন শাখা।
একাদশ জাতীয় সংসদ ২১তম অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য রয়েছে।
আজ ২১তম অধিবেশনের প্রথম দিন সংসদে যা যা থাকছেঃ বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনীত করা হবে। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। এর পর আইনমন্ত্রী আনিসুল হক এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ উত্থাপন করবেন।উল্লেখ্য জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষমতা কমিশনের পাশাপাশি সরকার নিজের হাতে নিতে এই অধ্যাদেশ জারি করেছিল। এর পর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। সবশেষে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এর পরই সংসদের অধিবেশন আগামীকালের মতো মুলতবি ঘোষণা করা হবে।
এইদিকে আজ থেকে শুরু হওয়া জাতীয় সংসদের ২১তম অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় চলাচল ও অন্যান্য বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।






Users Today : 4
Users Last 30 days : 642
Total Users : 17590
Total views : 29468
Who's Online : 0