শেরপুরে নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করলো মাদকাসক্ত যুবক

শেরপুরে নেশার টাকা জোগাড় করতে না পেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের পুরুষাঙ্গ নিজেই কর্তন করেছেন এক যুবক।

গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।পুরুষাঙ্গ কর্তনকারী ৩৫ বছর বয়স্ক যুবকের নাম মিসকিন।সে ওই গ্রামের টগর আলীর ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সঙ্গে কথা বলে জানা যায়,গান্ধিগ্রাম নিবাসী মিসকিন দুই সন্তানের জনক।বিয়ের পর থেকেই সে ভবঘুরে ও নেশাগ্রস্ত।তার ত্রিশ বছর বয়সী স্ত্রী রোমি খাতুন গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে পানি বিক্রি করে সংসার চালায়। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো।এমনকি মিসকিনের সাথে তার স্ত্রী রোমি খাতুনের একাধিকবার বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটেছে।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিসকিন নেশার টাকা জোগাড় করতে না পেরে স্ত্রীর সাথে অভিমান করে বাড়ীর পাশের জঙ্গলে গিয়ে দা দিয়ে তার নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলে। সন্ধ্যায় সে বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজন তার পড়নের কাপড়ে  রক্ত দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।কিন্তু সে কোন কিছু না বলাতে একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কিন্তু রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে মিসকিন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া সংবাদমাধ্যমকে বলেন,“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মিসকিনের নিজ বাড়ী ও তার শ্বশুর বাড়ীতে খোঁজ নিয়ে জানা গেছে সে মাদকাসক্ত ছিল এবং মাদকের টাকা জোগাড় করতে না নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন।“