মুন্সীগঞ্জে অজ্ঞাত কারনে সংখ্যালঘু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল ১ ফেব্রুয়ারি বুধবার রাত পৌনে ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জশুরগাঁও এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ৬৪ বছর বয়স্ক সংখ্যালঘু ব্যবসায়ীর নাম সত্যরঞ্জন দত্ত। তিনি শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত সত্যরঞ্জন দত্ত উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভূষির ব্যবসা করেন। সাধারনত প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বাড়িতে চলে যান। কিন্তু গতকাল বুধবার সন্ধ্যা পেরিয়ে গিয়েও তিনি বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় সত্যরঞ্জনকে ।এ সময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বুকে তিনটি ও পিঠে দুটিসহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করছে এবং ঠিক কি কারনে হত্যা করা হয়েছে তার কারন উদঘাটনে তদন্ত চলছে। এদিকে পুলিশ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে।“






Users Today : 2
Users Last 30 days : 1104
Total Users : 21672
Total views : 34056
Who's Online : 0