যশোরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক আইনজীবীর নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৫ জন।
আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে যশোরের মনিরামপুরে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৫৫ বছর বয়সী নিহত আইনজীবী নাম বিধানচন্দ্র রায়।তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মনোরঞ্জন রায়।
উক্ত দুর্ঘটনায় আহত হন একই পরিবারের চার সদস্যসহ আরও ৫ জন। তারা হলেন খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২) এবং মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।
আরও পরুনঃবগুড়ায় ধর্ষণের চেষ্টাকালে পুরুষাঙ্গ কেটে আ.লীগের নেতাকে হত্যা
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস দুর্ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, মামলা সংক্রান্ত জটিলতা থাকায় আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাস যোগে চার ভাইবোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথিমধ্যে মাইক্রোবাসটি মনিরামপুরের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। সকালে ঘন কুয়াশা থাকার কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নিয়ে যাই আমরা। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামে একজন আইনজীবীকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
