রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমিষেই পুড়ে ছাই হাজারো ব্যবসায়ীর জীবিকা

রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।ঈদের আগে আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেলো হাজার ব্যবসায়ীদের জীবিকা। বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের ভবনেও।

আজ ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। সেই থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট কাজ করছে।

বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ছাড়াও ঢাকার প্রায় সবকটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান ও বিজিবির ফায়ার ইউনিট। সম্মিলিতভাবে কাজ করছেন তারা। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শেষ খবর অনুযায়ী দীর্ঘ তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বঙ্গবাজরের ভয়াবহ আগুন। বঙ্গবাজার লাগোয়া এনক্সকো ভবনেও ছড়িয়ে পড়েছে আগুন। পাঁচতলা ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ৫ম তলায় দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন। ওই মার্কেটের ব্যবসায়ীরা মালামাল সরানো জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

ঘটনাস্থলে আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। সেই সঙ্গে আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। বঙ্গবাজারে যেহেতু সব কাপড়ের দোকান তাই আগুন আরও ভয়াবহ রুপ ধারন করছে।সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আগুনের তীব্রতা।

এদিকে বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেটের পুরোটাই আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গেছে, বঙ্গবাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রায় সবগুলো দোকানই কাপড়ের এবং এই সবগুলো দোকানই পুড়ে ছাঁই হয়ে গেছে।

বঙ্গবাজারে পুড়ে যাওয়া কাপড়ের দোকানের মালিক আবদুর রশিদ নামে জানান, আসন্ন ঈদ উপলক্ষে ব্যাংক লোন নিয়ে দোকানে মাল তুলেছিলেন। কিন্তু ভয়াবহ এই আগুনে সব পুড়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। গতকাল রাতেই মাল এসেছে দোকানে। এখন সব পুড়ে শেষ হয়ে গেছে।

এদিকে ফারুক নামে অপর এক ব্যবসায়ী জানান, এখানে আমার পাঁচটি দোকাল ছিল; সব পুড়ে গেছে। আমি এখন কোথায় যাব।এই আগুন আমাকে পথে বসিয়ে দিয়েছে।

এদিকে ঘটনাস্থলে ভিড় করছে উৎসুক জনতার দল। কয়েক হাজার জনতার ভিড় সামলাতে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যদের বেশ বেগ পেতে হচ্ছে। ভিড়ের কারণে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।