বরিশালে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান উল্টে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক ও আরোহীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন।
গতকাল ৩ এপ্রিল সোমবার বিকেলে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের বাকেরগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যান উল্টে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেলচালক ফেরদৌস ও আরোহী কবির চৌকিদার (৫৫)। এর মধ্যে আরোহী কবির পটুয়াখালীর রাঙাবালী আমলিবাড়িয়া গ্রামের বাসিন্দা।তার পিতার নাম আবদুল লতিফ চৌকিদার।
আরও পড়ুন: ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১ জন
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ঘতনার বিস্তারিত জানাতে গিয়ে বলেন, নিহত কবির চৌকিদার তার চাচাতো ভাই হাসান চৌকিদারকে নিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তারা সড়কের বাকেরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলের পাশে পটুয়াখালীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বরিশালগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান উল্টে গিয়ে তাদের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই কবির চৌকিদার মারা যান।
গুরুতর আহত মোটরসাইকেল চালক ফেরদৌস ও নিহতের চাচাতো ভাই হাসানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে রাতে ফেরদৌস চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও পিকআপ রেখে পালিয়েছেন চালকরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
