রাজধানী ঢাকার ধামরাইয়ে দ্বৈত প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় কারখানার সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী পোশাক শ্রমিক। আত্মহত্যার প্ররোচনার দায়ে কথিত দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাইয়ের স্নোটেক্স স্পোর্টস ওয়্যার লিমিটেড কারখানার সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ওই নারী পোশাক শ্রমিক।
আত্মহত্যাকারী ওই নারী শ্রমিকের নাম শিলা আক্তার ওরফে বৃষ্টি (২২)।নিহত শিলা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দরাপের ডাঙ্গি গ্রামের বাসিন্দা।তার পিতার নাম বাচ্চু শেখ।শিলা শরীফবাগ স্বর্ণখালী এলাকায় শরীফুল ইসলাম বাদলের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্নোটেক্স স্পোর্টস ওয়্যার কারখানায় চাকরি করতেন।
গতকাল ৮ এপ্রিল শুক্রবার শিলার কথিত দুই প্রেমিক মুরাদ হোসেন (২২) ও মাহমুদুল হাসান ওরফে সজিব (২২)এর নামে ধামরাই থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন শিলার বাবা বাচ্চু শেখ। মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে দুজনকেই আটক করে ধামরাই থানা পুলিশ।
আরও পড়ুনঃ হবিগঞ্জে পরকীয়ার অপবাদে সালিশে প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাতে নির্যাতন, গ্রেফতার ৪
গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মৃত ফারুক হোসেন।তিনি কালামপুর মধ্যপাড়ার জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন এবং ঢুলিভিটায় চায়ের দোকান চালান। অপরদিকে সজিব বরিশালের বাবুগঞ্জ উপজেলার কিসমত ঠাকুর মল্লিক গ্রামের বাসিন্দা।তার পিতার নাম আবু হানিফ হাওলাদার। তিনি ছোট চন্দ্রাইল বউবাজার এলাকায় ভাড়া থেকে স্নোটেক্স পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ, নিহতের সহকর্মী ও মামলার এজাহার থেকে ঘটনার বিস্তারিততে জানা গেছে যে ,প্রতিদিন কর্মস্থল স্নোটেক্স পোশাক কারখানায় যাতায়াতের সময় নিহত শিলার সঙ্গে পরিচয় ঘটে চায়ের দোকানদার মুরাদ হোসেনের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে একই কারখানায় চাকরি করার সুবাদে সজিবের সঙ্গে পরিচয় ঘটে শিলার। তার সঙ্গেও প্রেমে জড়িয়ে পড়েন শিলা।
এইভাবে চলতে চলতে কিছুদিন আগে দ্বৈত প্রেমের সম্পর্ক উভয় প্রেমিকের মধ্যে জানাজানি হয়ে যায় এবং এ নিয়ে উভয় প্রেমিকের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। উক্ত ঘটনার পর একপর্যায়ে শিলা মুরাদকে পাত্তা দিতেন না। এতে শিলাকে কর্মস্থলে আসা-যাওয়ার পথে বিভিন্ন ধরনের অপমান ও কটূক্তিমূলক কথাবার্তা বলতেন মুরাদ। অপরদিকে সজিবও একইভাবে শিলাকে পাত্তা দিতেন না। ফলে কারখানায় তাদের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা হয়েছে।এরই ফলশ্রুতিতে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে কারখানার সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন শিলা।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, “শিলার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দুই প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এতে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।“
