আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবন এর বিভিন্ন সুত্র থেকে জানা যায় ২৪ এপ্রিল সকাল ১১টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামীলীগ রাষ্ট্রপতি পদে সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই-বাছাইয়ে সাহাবুদ্দিনের একটি মনোনয়নকে বৈধ ঘোষণা করে এবং একক প্রার্থী হওয়ায় ওই দিনই মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহন করেন। তাঁর স্ত্রী রেবেকা সুলতানা সরকারের যুগ্ম সচিব হিসেবে ২০০৯ সালে অবসরে যান। সাহাবুদ্দিন-রেবেকা দম্পতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান রনি দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে একটি ব্যাংকে উচ্চপদে কর্মরত।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন মো. সাহাবুদ্দিন। আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য প্রদান করেছেন। গত ১৬ এপ্রিল গুলশানে তাঁর লেখা ‘এগিয়ে যাও বাংলাদেশ’ বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একজন রাষ্ট্রপতি হিসেবে আমার যা করার আমি তা করব।’
এদিকে আগামী ২৩ এপ্রিল দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অবসরে যাচ্ছেন। রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার আইন অনুযায়ী তিনি অবসর ভাতা, চিকিৎসার সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
