খুশির ঈদ আজ

দীর্ঘ একমাস পবিত্র মাহে রমজানের সিয়াম পালন শেষে এলো আজ খুশির ঈদ।

আজ ২২ এপ্রিল শনিবার সারা দেশে একযোগে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা দিতেই ঈদ আনন্দে মেতে উঠে সবাই।পাড়া-মহল্লায় বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অতিচেনা গানের প্রিয় সুর, “ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।“

আনন্দসময় পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য।তাই ঈদুল ফিতর সমগ্র মুসলিম উম্মার কাছে এক বিশেষ দিন।

ঈদ এর আনন্দ স্বজন,পরিবার ও বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে নিতে ইতিমধ্যে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে।ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়।

রমজানের এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে ঈদুর ফিতর পালন করেন। এই উপলক্ষে বাড়িতে বিশেষ খাবার তৈরি করা হয় এবং একে অপরের বাড়িতে বেড়াতে যান।খুশির এই দিনে নতুন জামাকাপড় পড়ে উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ। বড়রা ছোটদের নতুন উপহার এবং সালামী দেয়, যা এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে।

আরও পড়ুন: চাঁদরাতে ঘুরতে বের হয়ে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে আহ্বান করেন,ঈদের আনন্দ যাতে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেনো উপভোগ করতে পারে সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের স্বচ্ছল ও বিত্তবানদের প্রতি।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। সকল অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।