কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক উদ্ধার

কক্সবাজারে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে প্রায় ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় ইয়াবাসহ এক যুবকে আটক করা হয়েছে।

গতকাল ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৪টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং, খারাংখালী ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার মাদকদবিরোধী অভিযানের মাধ্যমে এই বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারের কথা নিশ্চিত করে।

আরও পড়ুনঃ সাতক্ষিরায় পিকনিকে গিয়ে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

হোয়াইক্যং ইউনিয়নে অভিযান পরিচালনা কালে ইয়াবাসহ ৩০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়।তার নাম মফিজুল ইসলাম।সে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।তার পিতার নাম মৃত বাচ্চা মিয়া। তবে অন্য দুইটি অভিযানের ঘটনায় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেননি।

মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক তিনটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস, ২১ হাজার ৯১০ ইয়াবা, ১৫০ বোতল মদ ও ৩৫০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ছয় কোটি আটানব্বই লাখ দশ হাজার পাঁচশ।

বিজিবি আরও জানায় ,জব্দ করা মদ ও বিয়ার টেকনাফের শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। আর জব্দ করা আইস ও ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে।

এদিকে আটক যুবককে টেকনাফ থানায় পুলিশের নিকট সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।